দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে আগামী ৩ থেকে ৪ দিন ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝেমধ্যে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এর প্রভাবে বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।