ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ক্লাস চলাকালে হঠাৎ ফ্যান খুলে পড়ে নাক ও মুখে আঘাত পেয়েছে প্রথম শ্রেণির শিক্ষার্থী আফিয়া ইভনাত আলভী।

রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে কপিলমুনির ৪৭ নম্বর হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

আহত আফিয়া ইভনাত আলভী ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে আব্দুল কুদ্দুস খানের মেয়ে। তার বাবা পেশায় একজন ইজিবাইক চালক।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় হঠাৎ ফ্যানের রডের সংযোগস্থল খুলে ফ্যানটি নিচে থাকা একটি বেঞ্চের ওপর পড়ে। এতে ফ্যানের পাখা শিক্ষার্থী আফিয়ার নাক ও মুখে আঘাত করে। দুর্ঘটনায় তার মুখে ক্ষত সৃষ্টি হয়।

ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট কারে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এর আগে ফ্যানে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। ফ্যানের রডের সংযোগস্থল খুলে গিয়ে সেটি বেঞ্চের ওপর পড়ে। এ সময় ফ্যানের পাখা শিক্ষার্থীর নাক ও মুখে লাগে। এতে তার মুখে ক্ষত হয়েছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর শিশুকে দ্রুত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো রয়েছে।

অভিভাবকদের দাবি, শুধু দুর্ঘটনাকবলিত ফ্যান নয়, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষের ফ্যান, বৈদ্যুতিক সংযোগ, ছাদ ও অন্যান্য অবকাঠামোগত সরঞ্জাম দ্রুত পরীক্ষা করা হোক। কোনো সরঞ্জাম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে দুর্ঘটনা ঘটার আগেই তা মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।