বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে (২৩) দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। রবিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মাসুদ একই উপজেলার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে ওই নারীর বিয়ে হয়। তার স্বামী গোড়াই এলাকার একটি কারখানায় কর্মরত থাকায় গৃহবধূ বাবার বাড়িতেই থাকতেন। এই সময়ে অভিযুক্ত মাসুদ তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে, এক পর্যায়ে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ। এরপর মাসুদ সুযোগ বুঝে রাতে তার ঘরে প্রবেশ করে টানা ছয় মাস তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর মাসুদ তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি মাসুদের পরিবারকে জানানো হলে তারা গর্ভপাত ঘটানোর চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী জানান, রাতে এসে মুখ হাত বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হতো। তিনি বিচার চেয়ে অভিযুক্তের বাড়িতে গেলে তার মা তাকে মারতে উদ্যত হন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত মাসুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।