সুনামগঞ্জের বাসের ধাক্কায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা-আউশকান্দি রানীগঞ্জ সড়কে বাসের সঙ্গে ধাক্কা লেগে উজ্জ্বল হোসেন (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক আনসার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনি গ্রামের পাশে এই ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। একইসঙ্গে নিজ এলাকা জামালগঞ্জের ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন সোমবার সকালে মোটরসাইকেল চালিয়ে জামালগঞ্জ থেকে মৌলভীবাজারে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে শান্তিগঞ্জ উপজেলার সিচনি এলাকায় জগন্নাথপুর থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশ ও স্থানীয় লোকজন কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হতে পারেনি।

শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনসার সদস্য উজ্জ্বল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মোটরসাইকেল করে মৌলভীবাজারে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিপরীত দিকে থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, তবে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।