শেখ হাসিনার আত্মীয় সম্বোধন করায় সাংবাদিককে যা বললেন তথ্যমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হিসেবে সম্বোধন করায় এক সাংবাদিককে আরও পেশাদারত্বের সঙ্গে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে জানান, তিনি সচিবালয়ে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, কারও আত্মীয় হিসেবে নয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চান এক সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, “পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি হাদির খুনিদেরও ফেরত দেওয়ার বিষয়ে বলা হয়েছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?”

প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে আন্দালিব রহমান পার্থ বলেন, “আমি আশা করছিলাম আপনার প্রশ্নটি আরও পেশাদার হতো। আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, কারও আত্মীয় হিসেবে নয়। আশা করি ভবিষ্যতে আরও প্রফেশনাল উপায়ে প্রশ্ন করবেন।”

এ সময় উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান যুক্ত করে বলেন, “আন্দালিব রহমান পার্থ বহু বছর ধরে কার সঙ্গে রাজনীতি করেছেন এবং কার বিপক্ষে অবস্থান নিয়েছেন, তা দেশবাসীর কাছে পরিষ্কার।”

পরে বিতর্ক এড়িয়ে ভারতের হাতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো সংক্রান্ত মূল প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, এটি সরকারের জানা বিষয়। তাকে দেশে ফেরত আনার জন্য প্রয়োজনীয় আইনগত শর্ত ও অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, “ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত না নিয়ে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে ভারত সরকার। এটি বিচারিক প্রক্রিয়ায় গেলে তা শেখ হাসিনার জন্য খুব একটা সুখবর নাও হতে পারে।”

শুধু শেখ হাসিনা নন, গুরুতর মামলার মুখোমুখি হয়ে বিদেশে পলাতক থাকা দেশের সব নাগরিককেই বিচারের মুখোমুখি করতে সরকার ফেরত আনতে চায় বলে জানান তথ্যমন্ত্রী।