রাজধানীর গুলশান থানায় প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিদিশা সিদ্দিক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বিদিশার পক্ষে আইনজীবী আতিকুর রহমান, মনিরুজ্জামান ও মাহমুদুল কবিরসহ বেশ কয়েকজন আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন।
আইনজীবীরা শুনানিতে বলেন, বিদিশা সিদ্দিক স্বনামধন্য পরিবারের সন্তান এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। তার বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। তিনি ছাড়া ওই সন্তানকে দেখাশোনা করার মতো কেউ নেই। এজন্য আপিলের শর্তে আসামি জামিন পাওয়ার হকদার। এছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল দায়ের করবেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এই জামিন আবেদনের তীব্র বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই রায়ের ভিত্তিতে পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।