গাইবান্ধায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের গার্ড রুমসংলগ্ন একটি টয়লেট থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাবিবুর রহমান গাইবান্ধা পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি নীলফামারীতে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের বাসভবনের গার্ড রুমসংলগ্ন টয়লেটে হাবিবুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর টয়লেটে প্রবেশের পর দীর্ঘ সময় বের না হওয়ায় গার্ড রুমে থাকা অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, প্রায় ১০-১২ দিন আগে পুলিশ লাইন থেকে তার বাসভবনে দায়িত্ব পালনের জন্য হাবিবুর রহমানকে আনা হয়েছিল। ঘটনার আগে তিনি স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।