বগুড়ায় ফুচকা-চটপটি কারখানায় ইঁদুর-কবুতর, লাখ টাকা জরিমানা

বগুড়া মহানগরীর রহমান নগরে ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বগুড়া মহানগরীর রহমান নগরে ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানায় অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা মো.রাসেল এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ওই কারখানায় ফুচকা প্রস্তুত করার টেবিলে ইঁদুর ঘোরাফেরা করতে দেখা যায়। অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা ও চটপটি তৈরি করা হচ্ছিল। কবুতরের খাঁচার কাছেই খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। সেখানে কবুতরের বিষ্ঠা, পালক খাবারে ছড়িয়ে পড়ছিল। ফুচকা ও চটপটিতে ব্যবহার করা সস গরম অবস্থায় নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া সিদ্ধ ডিম অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করা হচ্ছিল। সালাদ তৈরিতে পচা গাজর ব্যবহার এবং  সিদ্ধ আলু অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়।

অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের অপরাধে ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করে।

এ সময় আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করতে এবং এরপর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করার আদেশ প্রদান করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সিদ্দিকুর রহমান ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।