চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো, ফুপাতো ও চাচাতো বোন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের মরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওয়াসিম ফিরোজ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের চর চাকলায় গ্রামের মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭)। এছাড়া ওই গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। অন্যজন হলো একই গ্রামের শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
ওই গ্রামের বাসিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আবদুল হালিম হামাদ সংবাদমাধ্যমকে জানান, গ্রামের সবাই জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। পরে তারা পানিতে ডুবে যায়।
জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীতে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।
বর্তমানে বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ায় মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে গিয়ে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে এলাকার পরিবেশ।