নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয়েছে এক নারীর।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে মৃত্যু হয় তার।
নিহত ওই ব্যক্তি হলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা আমিরুন্নেছা।
জানা গেছে, দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ওই নারীকে নিয়ে রওনা হন তার স্বজনরা। কিন্তু সোনারগাঁওয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় সৃষ্ট যানজটের কারণে চার ঘণ্টা যানজটে আটকা পড়ায় রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার।
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, সোনারগাঁর আশরিয়ারচরে ঢাকাগামী লেনেসকাল আটটায় সংস্কারকাজ শুরু হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। শনিবার দুপুর ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।