ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চয়ন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক চয়ন (২৩) নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েতের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেন জানান, নওপাড়া বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন গুরুতর মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নয়ন ও সিয়াম ওরফে সজিবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদেরকে আমরা ঢাকায় প্রেরণ করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে । নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।