গভীর রাতে ১০ ঘোড়া জবাই, ছড়িয়ে-ছিটিয়ে ছিল তিন ঘোড়ার মাথা, হাড়, চামড়া 

টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ১০টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (৩০ আগস্ট) সকালে পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে জবাই করা ঘোড়াগুলোর  মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।  এছাড়া, তিনটি জবাই করা ঘোড়া ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০ টি ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা। 

ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গা জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই ঘোড়ার মাংস নিতে পারেনি, ৭টি  ঘোড়ার মাংস নিতে পারে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, “সকালে শুনতে পাই ১০ টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবো। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।”

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “পরিত্যক্ত বাড়িতে ১০ টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা, রাত ১ টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস ফেলে রেখে যায় তারা।”

“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে।” এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।