গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটি জানায়, এই সময়ে মব তৈরির চেষ্টা হলেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি।
রবিবার (৩০ আসস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে এসব তথ্য উঠে আসে।
বৈঠকে মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা নিয়েও আলোচনা হয়। কমিটির সদস্যরা এ ধরনের দোষারোপের রাজনীতি বা "ব্লেম গেম" পরিহারের পরামর্শ দেন।
সভায় "গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬" পরীক্ষা করে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ বিল প্রণয়নের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় কমিটি।
বৈঠক চলাকালে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ প্রসঙ্গে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, “সদস্যদের মতামত বা সংশোধনী উপস্থাপন এবং প্রয়োজনে বিরোধিতার সুযোগ থাকলেও ওয়াকআউট সংসদীয় রীতির মধ্যে পড়ে না।“
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানাসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।