স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) বিকালে মাদ্রিদের পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশন সংলগ্ন গ্যারেজটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকায় জন্ম নেওয়া নিহত মো. ইউসুফ হাসান আলিফ (২৬) স্পেনে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। তার বাবার নাম আব্দুল মোতালিব। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হঠাৎ করে সাইকেলের গ্যারেজটিতে আগুন লাগে, তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু গ্যারেজের ভেতর আটকা পড়ায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি ইউসুফকে।
গ্যারেজে রাখা বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সেখানে কোনো নিরাপত্তাজনিত ত্রুটি ছিল কি না, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।