গবাদিপশুর মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে এসব কথা তিনি বলেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, ‘‘নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং সেখানে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।’’
আবদুস সালাম আরও বলেন, ‘‘মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি করপোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ এবং অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’
গরুর নামে মহিষ বিক্রি করার প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘‘অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি ঠিকমতো জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগ ছিল কি না-এসব জানার সুযোগ থাকে না। এমনকি গরুর নামে মহিষ বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না। এসব বিষয় নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে।’’
পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার আহ্বান জানান তিন। এসব দায়িত্বে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবেও বলে জানান ডিএসসিসি প্রশাসক।