গাজীপুরের টঙ্গীতে মাদকের হটস্পট হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ কার্যক্রমে পে-লোডার ও এক্সকাভেটরসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন এবং অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
রাজউকের উপ-পরিচালক (এস্টেট ও ভূমি-৩) লিটন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে রাজউক টিমের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন জিএমপির অতিরিক্ত কমিশনার বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
স্থানীয়রা জানায়, টঙ্গীর হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বড় মাদক বিক্রির আস্তানা বা “হটস্পট” হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনী ও পুলিশ প্রশাসন একাধিকবার অভিযান চালিয়েও এই বস্তির মাদক কারবার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। অবশেষে জায়গাটি রাজউকের নিজস্ব মালিকানাধীন হওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
জিএমপির অতিরিক্ত কমিশনার বেলায়াত হোসেন জানান, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গী এলাকাকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে। রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত জমিতে যেন পুনরায় কোনো অবৈধ দখল বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি বজায় রাখা হবে।
রাজউকের উপ-পরিচালক লিটন সরকার বলেন, “রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় আজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তারা নিজেদের প্লট পুনরুদ্ধার করেছেন।“