ডেঙ্গুতে প্রাণহানি ১০০ ছাড়ালো

টানা চতুর্থ দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন ৫ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ১০২ জনের প্রাণহানি ঘটেছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে, গত সোমবার ১ হাজার ১৬৩ জন, রবিবার ১ হাজার ৯৭ জন ও শনিবার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জন। 

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।