দেশের ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার ভেতর ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়োহাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। 

বুধবার (২ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নৌবন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অপর এক বার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর প্রভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।