যুক্তরাষ্ট্রের চালানো সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান।
বুধবার (২ সেপ্টেম্বর ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা ‘এএফপি’।
দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে ইরানের সংবাদমাধ্যম ‘তাসনিম’ জানিয়েছে, বুধবার ভোরে জর্ডানে অবস্থিত মার্কিন মেরিন কর্পসের ক্যাম্প টিটিনে ‘তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা’ চালানো হয়।
জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। তবে আকাবা উপসাগরের তীরে ইসরায়েল ও সৌদি আরবের সীমান্তের কাছে অবস্থিত ওই মার্কিন প্রশিক্ষণকেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেনি তারা। আরও তিনটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়েছে বলে জানিয়েছে জর্ডানের সেনাবাহিনী।
কুয়েতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের হামলার জবাবে তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছে।
এদিকে এদিন ভোরে বাহরাইনের আকাশপথে হামলার সতর্ক সংকেত শুনেছেন এএফপির সাংবাদিকরা।
এর আগে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওয়াশিংটন তাদের নতুন হামলার জন্য অনুতপ্ত হবে এবং আগ্রাসীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।”