হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়া (৩৫) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। 

পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯ টার দিকে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। 

তাকে হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার সময় হঠাৎ সেখানে হট্টগোল শুরু হয়। এই সুযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসির মিয়া হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।

দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, আমি একটি বিচার-সালিশে ছিলাম। পরে শুনেছি আসির মিয়াকে গ্রেপ্তারের সময় হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে। 

ঘটনাস্থল থেকে আসামি পালিয়ে যাওয়ার পরপরই তাকে পুনরায় গ্রেপ্তারে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করেছে শান্তিগঞ্জ থানা-পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলী উল্লাহ জানান, হ্যান্ডকাফ নিয়ে আসামি পালিয়েছে তা ঠিক নয়। আমার অফিসার নিয়মিত মামলার আসামিকে ধরার পর উপস্থিত নারীরা একটু ঝামেলা সৃষ্টি করেন। তখন সে পালিয়ে যায়। আসামি হ্যান্ডকাফ নিয়ে পালায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে খবর নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।