সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। এর আগে, নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন বলে জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেছেন মির্জা আব্বাস। পরে তিনি সংসদ অধিবেশনে অংশ নেবেন।
এর আগে বুধবার রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। দীর্ঘদিন পর দেশে ফেরায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা।
বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।