গাড়ির বিরুদ্ধে মামলা নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে নিজের গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা ও জরিমানার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে আইন ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, এ ঘটনায় তিনি ‘খুশি’।

বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাতে সংসদ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, ‌‌‘‘তার গাড়ির চালক স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। এ কারণে মামলা ও জরিমানা হওয়ায় তিনি সন্তুষ্ট।’’

সকালের ঘটনার বর্ণনা দিয়ে মিল্লাত বলেন, ‘‘প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে সার্কিট হাউজ রোডে তার গাড়িটি চলছিল। সড়কের বাম পাশে প্রচণ্ড যানজট থাকায় চালক প্রায় ১০০ গজের ডিভাইডার অতিক্রম করে বিপরীত পাশের সড়কে ওঠার চেষ্টা করেন।’’

এ ঘটনায় সকালে ট্রাফিক পুলিশ মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করে। এক ট্রাফিক কর্মকর্তা জানান, কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে এটাই প্রথম। অতীতে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার ঘটনা সংবাদমাধ্যমে এলেও মামলা হওয়ার নজির ছিল না বলে জানান তিনি।

মিল্লাত বলেন, মামলা ও জরিমানা করার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সরকার সুশাসন ও আইনের শাসনে বিশ্বাস করে। আইনের ঊর্ধ্বে কেউ নন, এ ঘটনাই তার প্রমাণ।

তিনি বলেন, একজন মন্ত্রীর গাড়ি ট্রাফিক আইন লঙ্ঘন করলে সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না। নিজের গাড়ি হওয়ায় তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান।

মন্ত্রী আরও বলেন, আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠা করতে কঠোর অবস্থানে রয়েছেন এবং কাউকে আইনের ঊর্ধ্বে রাখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাফিক পুলিশ যে কর্মকর্তার মাধ্যমে তার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তার প্রতি কোনো বিরূপ মনোভাব তৈরি হবে কি না, এমন প্রশ্নের জবাবে মিল্লাত বলেন, বর্তমান সরকারের সঙ্গে আগের শাসনামলের পার্থক্য স্পষ্ট। তার ভাষ্য, আগের সময়ে প্রভাবশালীরা আইন লঙ্ঘন করলেও তা নিয়ে কোনো তোয়াক্কা করা হতো না। বর্তমান সরকার সেই সংস্কৃতির বিপরীতে আইনের প্রয়োগ নিশ্চিত করছে।