ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ (১০) ও লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (১৩) ফুটবল খেলার সময় নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে লুৎফর রহমান বাঁশের লাঠি হাতে সিফাতকে মারতে ধাওয়া করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় ছেলেকে রক্ষা করতে পেছন পেছন যান বাবা রবিউল ইসলাম। স্থানীয় খলিলের বাড়ির সামনে ইটসলিং করা তিন রাস্তার মোড়ে রবিউল ও লুৎফরের মধ্যে বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায়ে লুৎফর রহমান লাঠি দিয়ে রবিউলের ঘাড় ও পিঠে সজোরে আঘাত করেন বলে অভিযোগ। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রবিউল। স্বজনরা প্রথমে তাকে বাড়িতে নিয়ে মাথায় পানি দেন, পরে অবস্থার অবনতি হলে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে এসেছে, তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।