সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে এক নারী ও তার চার বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই গ্রামের চম্পা রাণী দাস (৩৫) ও তার চার বছর বয়সী মেয়ে হৃদি রাণী দাস। চম্পা রাণী দাস শাহগলী বাজারের বাসিন্দা।
নিহতদের স্বজনরা জানান, নিজ বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাস ও তার কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু হলো, তা তারা বুঝতে পারছেন না। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নন পরিবারের সদস্যরা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।”