ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং শিগগিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো শেয়ার করব।’’
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরদিন ২১ আগস্ট নির্বাচন কমিশন মির্জা ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘‘ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ৯০ দিনের মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। সেখানে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর প্রস্তুতিও নিচ্ছি। আশা রাখি আমরা যে অল্প কিছুদিনের মধ্যেই শিডিউলটা ডিক্লোর করতে পারব।’’
চট্টগ্রাম-৪ নিয়ে রায়ের কপির অপেক্ষা
চট্টগ্রাম-৪ আসনের বিষয়ে জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘‘এটা তো আদালতের বিচারাধীন। বিচারাধীনের বিষয়ে তো আপনি-আমি কিছু বলতে পারি না। সিদ্ধান্ত হোক, অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই।’’