১২ দিন ধরে নেপাল থেকে আসছে না বিদ্যুৎ

বন্যায় নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। গত ১২ দিন ধরে নেপাল থেকে বাংলাদেশে কোনো বিদ্যুৎ আসছে না।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

এর আগে গত ২৭ আগস্ট ডে-পিক আওয়ারে নেপাল থেকে বাংলাদেশে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছিল। তবে ওই দিন সন্ধ্যার পিক আওয়ারে কোনো বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। এরপর থেকেই বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এর আগে নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছিল, ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে। ২৬ আগস্ট ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যায় নেপালের কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছিল। বন্যার পর তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া নেপালের দুটি জলবিদ্যুৎ প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। গত সপ্তাহ থেকে প্রকল্প দুটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

দীর্ঘদিন ধরে শুষ্ক মৌসুমে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল নেপাল এখন নিজেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে সাম্প্রতিক বন্যায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।