রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার শিশু ভাতিজি অন্তরা (৪) আহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামের বাসিন্দা। তিনি হাজারীবাগের একটি জুতা ও লেদার ফ্যাক্টরিতে কাজ করতেন। মাঝে কিছুদিনের জন্য চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন রিয়াজ, তবে এক মাস আগে আবার আগের কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরে আসেন।
নিহতের স্বজন মো. সুমন জানান, বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিলেন রিয়াজ ও তার ভাতিজি অন্তরা। হঠাৎ বজ্রপাত হলে দুজনই অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু অন্তরা এখনো ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত করছে হাজারীবাগ থানা-পুলিশ।