হঠাৎ আসিফ ও পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন, যা জানা গেলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার রাজনীতিতে নতুন করে আলোচনা ও রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে। দলটির দুই হেভিওয়েট নেতার এই বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তনের পেছনে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সুদূরপ্রসারী কৌশল দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ইসির নথিসূত্রে জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন উত্তরা এলাকার ঢাকা-১৮ আসনের ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন জানালে তা অনুমোদন পেয়ে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

অন্যদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার থাকলেও আবেদন প্রক্রিয়ার মাধ্যমে তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত আফতাবনগরে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে দুই নেতার আবেদনই অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে দলটির দুই শীর্ষ নেতার ভৌগোলিক অবস্থান পরিবর্তনের বিষয়টি নিছক ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয় বলে ধারণা করা হচ্ছে। এনসিপির একটি সূত্রের আভাস, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা থেকেই এই এলাকা পরিবর্তন।

বিষয়টি নিয়ে এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ, উভয় সিটিতেই এনসিপি ইতিবাচক ফল নিশ্চিত করতে চায়। সেই লক্ষ্যে দুই নেতাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।