রাজধানীর উত্তরায় শপিং মলের রেস্তোরাঁয় আগুন

রাজধানীর উত্তরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত পাশের সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ সেপেটম্বর) দুপুরে পৌনে ১টায় পঞ্চম তলার ওই রেস্তোরাঁয় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানন, দুপুর ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, শপিং মলটির ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা ফুডকোর্টের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছিল। আগুনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। সূত্রপাত অনুসন্ধানে সংশ্লিষ্ট দল কাজ করছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।