এবার সেই সিফাতকে শোকজ, যা জানালো কলেজ কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশ্য করে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কেন তাকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়া হবে না, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রবিবার (৬ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের সই করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাত (আইডি নং- ৪১০২১০৪৬) প্রতিষ্ঠানটির বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) ছাত্র। ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসঙ্গতি উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন সিফাত। সেখানে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে সম্বোধন করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

কলেজ কর্তৃপক্ষের ইস্যু করা নোটিশে উল্লেখ করা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি সুশৃঙ্খল ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ চরম অনভিপ্রেত ও শৃঙ্খলা পরিপন্থী, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

নোটিশে প্রতিষ্ঠানের স্থায়ী পরিচালনা নীতিমালার অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়, সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার দায়ে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে কলেজ থেকে স্থায়ী বহিষ্কার বা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে। এ অবস্থায় আগামী তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।