দেশের তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সব জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।
সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে নির্বাচিত অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবার ভাতা পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক ধারণা থাকা বাধ্যতামূলক।
তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হবে।
পুরো প্রশিক্ষণ কার্যক্রম দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পরিচালনা করা হবে।
আগ্রহী প্রার্থীদের ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির মৌলিক দক্ষতায় প্রশিক্ষিত করে ভবিষ্যৎ কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর কাজের জন্য প্রস্তুত করার সুযোগ তৈরি হবে।