পাবনায় মাঠে জমা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে মাঠে জমা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) এবং তার বোন আফিয়া খাতুন (৬)। তিনজনই এলাকার একটি স্কুলের শিশু শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির কাছের মাঠে বৃষ্টির পানি জমে থাকায় শিশুরা সেখানে গোসল করতে নামে। এক পর্যায়ে একজন পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা তিনজনকেই উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়া মাত্র পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”