কুষ্টিয়ার দৌলতপুরে ইঞ্জিন চালিত আগলামনের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পাঁচপীরতলা নামক স্থানে এই ঘটনা ঘটেছে। নিহত জাহান আলী মিরপুর উপজেলা সদরপুর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরে খলিসাকুন্ডি পাঁচপীর নামক স্থানে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গোল্ডেন ট্রাভেলস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-জ,১৪-১১৬২) বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই ইঞ্জিন চালিত আগলামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আগলামন চালক জাহান আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ইলিয়াস হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীবাহীবাস ও ইঞ্জিন চালিত আগলামন হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।