আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালু, পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি চালু হয়েছে। ইউনিটটি থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর ফলে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান সংবাদমাধ্যমকে বলেন, “বন্ধ ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে পূর্ণ উৎপাদনে যেতে আরও সময় লাগবে।”

আদানি পাওয়ার সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের আগেই রবিবার ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিটটি সফলভাবে চালু করা সম্ভব হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালুর প্রক্রিয়া শেষ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে বাড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে, ১০ সেপ্টেম্বর মধ্যরাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে ওই রাতে দেশে বিদ্যুতের ঘাটতি ৩,০০০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। পরদিন শুক্রবার ছুটির দিন হওয়ায় চাহিদা কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ ছিল। তবে শনিবার মধ্যরাতে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ প্রায় ৩,১০০ মেগাওয়াটে পৌঁছায়।

প্রসঙ্গত, ১৬,০০০ থেকে ১৭,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রায় ১৩,০০০ থেকে ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে।

আদানির ৮০০ মেগাওয়াটের এই ইউনিটটি চালু হওয়ায় জাতীয় গ্রিডের ওপর চাপ অনেকটাই কমবে আশা করছেন সংশ্লিষ্টরা।