বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুজ্জামানের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় চান্দের হাট বিওপির আওতাধীন এলাকায় তার মরদেহ হস্তান্তর করা হয়।

গত শুক্রবার রাতে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের গুলিতে আহত হন তিনি এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ও বিএসএফের প্রতিনিধিরা অংশ নেন।

পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, স্থানীয় সূত্রে একই গ্রামের আরও দুই বাংলাদেশি নাগরিক মুস্তাকিম (৩৮) ও উদা চন্দ্র রায় (৩৫)-কে আটক ও আহত হওয়ার প্রশ্নে বিজিবি জানায়, তাদের আহত বা নিহত হবার খবরটি ঠিক নয়। 

তবে তারা আটক হয়ে আইনি হেফাজতে আছেন, ভারতের টেলিভিশন চ্যানেলে তাদের  সুস্থ-স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।