আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।’’
তিনি কোনও বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সাথে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে।’’
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।