টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত, দেড় কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঘটাা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত তিন দোকানি জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ব্যবসায়ীরা আরও জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। পৌঁছামাত্র মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। দ্রুত বাজারে এসে দেখেন ফায়ার সার্ভিস, বাজার ব্যবসায়ীরা ও পুলিশ প্রশাসন মিলে আগুন নেভানোর কাজ করছে।

নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং থানা পুলিশকে জানাই। সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বলেন, “বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে।”

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি।  আগুন লাগার কারণে বাজারে যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য পর্যপ্ত পুলিশ মোতায়ন করা হয়।”