রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনে কাটা পড়ে প্রায় ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. সাজবীর জানান, রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় বের করার চেষ্টা চলছে। বিষয়টি রেলওয়ে থানাকেও জানানো হয়েছে।