ফরিদপুর ও কুষ্টিয়ায় দীর্ঘদিন বন্ধ থাকা চারটি পাটকল নতুন করে চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এতে এসব কারখানায় নতুন করে প্রায় ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে চালু হওয়া কারখানাগুলো থেকে ইতিমধ্যেই উৎপাদিত পাটপণ্য বিদেশে রপ্তানি শুরু হয়েছে।
চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়ার কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। দীর্ঘদিন কারখানাগুলো বন্ধ থাকায় বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন।
আবুল খায়ের গ্রুপ সূত্রে জানা গেছে, এসব পাটকল থেকে বছরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও অন্যান্য পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশে প্রায় ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
নতুন করে বিনিয়োগের বিষয়ে আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ জানান, মূলধননির্ভর এই খাতে নতুন অবকাঠামো না গড়ে বন্ধ থাকা কারখানাগুলোকে পুনরায় সচল করার নীতি নেওয়া হয়েছে। সরকারি খাতের আরও তিন থেকে চারটি বন্ধ পাটকল অধিগ্রহণের জন্য আবেদন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উচ্চমূল্যের পরিবেশবান্ধব পাটপণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি বাড়ানো এবং পরোক্ষভাবে পাটচাষীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।