কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষকের প্রাণ গেলো

কুষ্টিয়ায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এর মধ্যে একজন কৃষিকাজের সময় আর অন্যজন বসতবাড়ির আঙিনায় বজ্রপাতে আহত হন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার সদর ও দৌলতপুরে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া গ্রামের রওশন আলী (৫০) এবং দৌলতপুর উপজেলার নারায়নপুর ঈদগাহপাড়া গ্রামের আরজ আলী (২৭)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, রওশন আলী কাঠিচারার মাঠে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হয়। বজ্রপাতে রওশন আলী ঘটনাস্থলে মারা যান।

অপরদিকে, আরজ আলী নিজ বসতবাড়ির আঙিনায় সাংসারিক কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর তার পরিবারের সদস্যরা আরজ আলীকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।