পুরাতন পার্টসের নামে আমদানি করা ২ গাড়ি আটক

চট্টগ্রাম বন্দরে জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণা দিয়ে আমদানি করা একটি চালান পরীক্ষার সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটরযন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। চালানটি পরীক্ষা করে শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, জাপান থেকে পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন আমদানির ঘোষণা দেওয়া হয়। চালানটির আমদানিকারক চট্টগ্রামের চান্দগাঁওয়ের আরাকান রোডের মৈত্রী অটোমোবাইল। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট জে পি এক্সপ্রেস লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর চালানটি চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি এলাকায় আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর চালানটি ‘ফোর্স কিপ ডাউন’ করার ব্যবস্থা নেওয়া হয়। এরপর দুই দিন ধরে চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এ সময় ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন মোটর পার্টস এবং দুটি গাড়ি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানায়, ঘোষণার সঙ্গে পরীক্ষায় পাওয়া পণ্যের সামঞ্জস্য এবং শুল্কায়নের বিষয় যাচাই করা হচ্ছে। পরীক্ষার পাশাপাশি প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনবিআর সূত্র জানিয়েছে, পরীক্ষায় পাওয়া পণ্য ও ঘোষণার মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে তা যাচাই শেষে প্রযোজ্য শুল্ক-কর ও আইনগত বিষয় নির্ধারণ করা হবে।