গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান, পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিচয় প্রথমে জানা না গেলেও, স্থানীয় বাসিন্দারা মরদেহের ছবি ফেসবুকে পোস্ট করলে তা নজরে আসে তার চাচাতো ভাইয়ের। তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে বিকেলে বায়োমেট্রিক পদ্ধতিতেও পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তির নাম আবদুল সামাদ মিয়া (৩৫)। তার বাড়ি একই উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবুদখালী গ্রামে।
গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ি থানার কর্মকর্তা সাহেব গণি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবদুল সামাদ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।