চুক্তি ভঙ্গ করে শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব ও শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পোশাক শ্রমিকরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, আশুলিয়ার ইনজেনিটেক্স বিডি লি. ও ইনজেনিটেক্স একটিভ লি.-এর কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে বিলম্ব করছে। এর প্রতিবাদে এবং পাওনা দ্রুত পরিশোধের দাবিতে বাইপাইলে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইনজেনিটেক্স বিডি লি. ও ইনজেনিটেক্স একটিভ লি.-এর কারখানা কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করছে। এর ফলে শ্রমিক ও তাদের পরিবারের মাঝে চরম আর্থিক অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কোনো ধরনের গড়িমসি বা তালবাহানা শিল্পাঞ্চলে অসন্তোষের পরিবেশ তৈরি করতে পারে।
এ সময় বক্তারা অবিলম্বে শ্রমিকদের সব বৈধ ও চুক্তিভিত্তিক পাওনা পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ ৫ দফা দাবি তুলে ধরেন।
কর্মসূচি শেষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।