সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করেছে সরকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশ হওয়া এই প্রজ্ঞাপনটির নাম দেওয়া হয়েছে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬। প্রজ্ঞাপনে নতুন এই বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের বিস্তারিত নিয়ম প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০% পাবেন। একই সময়ে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০%।
তবে সাধারণ সরকারি কর্মচারীরা এ সুবিধা পেলেও ৯টি নির্দিষ্ট শ্রেণি, বাহিনী ও চুক্তিভিত্তিক কর্মীগোষ্ঠীকে নতুন এই আদেশের আওতার বাইরে রাখা হয়েছে। ফলে তারা এই আদেশ অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা পাবেন না।
প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বেতনকাঠামোর আওতার বাইরে থাকা শ্রেণিগুলো হলো—
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা এই আদেশের আওতায় থাকবেন না।
প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা বাহিনীর বেসামরিক কর্মচারী ছাড়া মূল প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা নতুন বেতনকাঠামোর আওতাভুক্ত নন।
পুলিশ ও বিজিবি: পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন।
রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮-এর সংজ্ঞায়িত শ্রমিকরা এই বেতনকাঠামোর সুবিধা পাবেন না।
শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন স্কেলের আওতায় পড়বেন না।
আউটসোর্সিং কর্মী: আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ব্যক্তিরা এ আদেশের বাইরে থাকবেন।
দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক: দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫-এর আওতায় কর্মরত শ্রমিকরা এতে অন্তর্ভুক্ত নন।
চুক্তিভিত্তিক ও খণ্ডকালীন কর্মী: চুক্তি অথবা খণ্ডকালীন ভিত্তিতে নিয়োজিত কর্মী ও কর্মচারীরাও এ সুবিধার আওতায় থাকবেন না।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য এই প্রজ্ঞাপন জারি করা হলেও জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা ও সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর জন্য পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।