মানিকগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আকরাম হোসেনের মরদেহ ঝুলছিল ফ্যানের সঙ্গে ও তার স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৪) ও তাদের দেড় বছরের মেয়ে আলিজা আক্তারের মরদেহ পড়েছিল মেঝেতে।
স্থানীয়দের ভাষ্য, বিদেশ থেকে ফেরার পর পরিবারের সঙ্গেই ছিলেন আকরাম। তার সঙ্গে স্ত্রী বা পরিবারের সদস্যদের কোনো বিরোধ কিংবা পারিবারিক কলহ চলছিল কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আকরাম।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
ঘটনাটি কীভাবে এবং কেন ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।