হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের দুর্গম এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা পাতা তুলতে গিয়ে শ্রমিকরা ওই এলাকায় বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। এরপর তিনি চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তিনি আরও বলেন, “বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্তসহ পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।“