গতকালও ছিল তীব্র গরম। দেশের ১২ জেলায় বয়ে গেছে তাপপ্রবাহ। এর এক দিন না পেরোতেই আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। এতে ঢাকার অনেক সড়কে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা।
রবিববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এর আগে বয়ে যায় ঝড়ো বাতাস। বৃষ্টি শুরুর পর বাতাস অনেকটা থেমে গেলেও কিছু সময় পরপর বজ্রপাত হতে থাকে।
গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আর গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। এতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, কিছুটা নিষ্ক্রিয় থাকা মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
গত শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। রাজধানীতে তাপপ্রবাহ না থাকলেও প্রচণ্ড গরম অনুভূত হয়েছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে এতটা বৃষ্টি হবে, এমন পূর্বাভাস ছিল না।