‘মক্কা-মদিনায় আঘাতের চেষ্টা হলে জীবন দিয়ে প্রতিরোধ করবে মুসলিমরা’

পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি বা হামলার চেষ্টা করা হলে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। প্রয়োজনে লাখো মুসলমান জীবন দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে বলেও জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে ধর্মমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। এই দুই পুণ্য নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু। তাই সেখানে যেকোনো ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না।

বিবৃতিতে হারামাইনের (মক্কা ও মদিনা) সম্মানিত দুই ইমামের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানান কায়কোবাদ। তিনি স্পষ্ট করেন যে, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা নির্দিষ্ট কোনো দেশের নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর যৌথ ও নৈতিক দায়িত্ব। যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে একসাথে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র এই দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে বাংলাদেশের জনগণ সর্বদা আপসহীন।

একই সাথে তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে বর্তমান ও ভবিষ্যতে পবিত্র দুই নগরীর বিরুদ্ধে আসা যেকোনো ষড়যন্ত্র বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা সম্ভব হয়।

বিবৃতি শেষে ধর্মমন্ত্রী পবিত্র মক্কা-মদিনার সার্বিক নিরাপত্তা বিধান এবং পুরো বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।