অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তি

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে জড়িত ৪ আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তি দিয়েছে এবং একজন স্বীকারোক্তি দেননি। 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এ তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাতের দিকে আদালত পরিদর্শক সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। 

কুমিল্লা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মো. সিয়াম (১৯) নামে আরও একজন স্বীকারোক্তি দেননি তবে, পুলিশ জানিয়েছে তাকে আবারও রিমান্ড চাওয়া হবে। 

এর আগে, গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

নিহত অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।