নাফ নদীতে বিশেষ অভিযান, ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি বস্তা নদীতে ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল নদী থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করে।

কোস্ট গার্ড জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তাররোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।”